
আশিকুর রহমান গাজীপুর প্রতিনিধি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। লিখিত বক্তব্যে তিনি জানান, কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে সভাপতি অভিযোগ করেন, সংগঠনের সদস্যপদ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন ওই দুই নেতা। এ ছাড়া সংগঠনের আর্থিক ও সাংগঠনিক হিসাব-নিকাশ যথাযথভাবে বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছেন তারা। এসব বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সংগঠনের নির্ধারিত প্রক্রিয়ায় সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
জাহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করেই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতৃত্ব নিয়ে ওঠা অভিযোগের জবাব
সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে ওঠা অভিযোগেরও ব্যাখ্যা দেন সভাপতি।
উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ গঠন বাধ্যতামূলক নয়। কার্যনির্বাহী পরিষদ প্রয়োজন মনে করলে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ কিংবা যেকোনো উপকমিটি গঠন ও প্রয়োজনে বাতিল করতে পারে।
সভাপতির পদের বৈধতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুজ্জামান শিমুল তাঁর দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি উভয় পক্ষের সম্মতিতে আপসনামাও স্বাক্ষরিত হয়েছে। তাই এ বিষয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
সদস্য চাঁদা বৃদ্ধি নিয়ে ব্যাখ্যা
সংগঠনের মাসিক সদস্য চাঁদা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণের বিষয়ে সভাপতি বলেন, এ সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয়নি। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই চাঁদা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক পদে তোফাজ্জল হোসেনের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগও নাকচ করেন তিনি। তাঁর দাবি, তোফাজ্জল হোসেনকে আইনবিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত যে কার্যনির্বাহী পরিষদের সভায় নেওয়া হয়েছিল, সেখানে অভিযোগকারী শাহাদাৎ হোসেন ও ইউসুফ হোসেনও সম্মতি দিয়েছিলেন। ওই সভার রেজুলেশনেও তাঁদের স্বাক্ষর রয়েছে বলে উল্লেখ করেন সভাপতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নীল মিয়া, সিনিয়র সহসভাপতি মো. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল গাফফার সবুজ, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য।
সংবাদ সম্মেলনে সভাপতি বলেন, সমিতির সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও ঐক্য বজায় রাখতে বর্তমান নেতৃত্ব বদ্ধপরিকর। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডে সংগঠনের সুনাম ক্ষুণ্ন হোক, তা তারা চান না।
তবে বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।