
মনির হোসেন, মোংলা
দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দরের মাধ্যমে বৈদশিক বাণিজ্যের মোট ১০ শতাংশ পণ্য আমদানি রপ্তানি করা হয়। ইতিমধ্যে মোংলা বন্দরকে
একটি প্রতিযোগিতামূলক আঞ্চলিক শিপিং হাবে উন্নীত করার লক্ষ্য নিয়ে ব্যাপক সংস্কার ও রূপান্তর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পরিচালন দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের অংশ হিসেবে চীনের ঋণ সহায়তায় মোংলা বন্দরে শুরু হয়েছে জেটি ও অধ্যাধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণসহ একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর বন্দরটি দুবার পরিদর্শন করেন। সর্বশেষ গত ৫ নভেম্বর তিনি প্রায় ৪ হাজার ৬৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে দুটি নতুন জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা চীন সরকারের এক্সিম ব্যাংক থেকে ঋণ সহায়তা হিসেবে আসবে এবং বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা সরকার বহন করবে। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইউজে উন্নীত হবে।
সংস্থাটি আরো জানায়, জাতীয় অর্থনীতিতে অপরিহার্য ভূমিকা রাখা সত্ত্বেও নাব্যতা সংকটের কারনে বার বার
চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে মোংলা বন্দরকে। বর্তমানে ১৫৩৮ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে পশুর চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে যা ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজ শেষ হলে সাড়ে ৯ মিটার থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজগুলো সরাসরি বন্দরের জেটিতে নোঙর করতে পারবে।
বন্দর সংশ্লিষ্টরা এ প্রতিবেদককে বলেন, প্রস্তাবিত মোংলা-ভাঙা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, খান জাহান আলী বিমান বন্দর স্থাপন এবং বন্দরের পাশে ইকোনোমিক জোন প্রতিষ্ঠা করা হলে পুরো মোংলা বন্দরের চেহারাটাই পাল্টে যাবে। এ বন্দরকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে। প্রস্তাবিত এসব উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে ২০৩২ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাবে রূপান্তর হবে মোংলা বন্দর।
বন্দর ব্যবহারকারীরা জানান, বর্তমান সরকার মোংলা বন্দরের উন্নয়নে যেসব প্রকল্প বাস্তবায়ন করছে এবং নতুন করে যে প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হলে ২০৩২ সালের মধ্যে মোংলা বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের একটি স্বচ্ছ, গতিশীল ও বিশ্বমানের প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করবে।