
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ কোম্পানির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মিথ্যা চাঁদাবাজির মামলা ও নানাভাবে হয়রানির অভিযোগ তুলে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল। তাঁর দাবি, নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে এখন তাঁকে নানা ষড়যন্ত্র, অপবাদ ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি দেশবাসী ও সরকারের কাছে নিরাপত্তার আকুতি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ তুলে ধরেন আব্দুল জলিল।
আব্দুল জলিলের অভিযোগ, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ সিরামিক কারখানাসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ট্রাক ও কাভার্ডভ্যান থেকে চাঁদাবাজি এবং প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, ফ্রেশ কোম্পানি তাঁর পৈতৃক জায়গা-জমি দখলের চেষ্টা করছে। এতে বাধা দেওয়ায় তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং আইনি হয়রানিতে ফেলতে নানা অপকৌশল নেওয়া হচ্ছে।
নিজের অসহায়ত্ব ও ক্ষোভ প্রকাশ করে আব্দুল জলিল বলেন, আমার পিতার রেখে যাওয়া একশ বিঘা সম্পত্তির মালিক আমি। আমার জায়গা-জমি থাকতে কেন আমি চাঁদাবাজি করতে যাব? আমি শুধু আমার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে চাই। আর সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আজ আমাকে চাঁদাবাজির অপবাদ দেওয়া হচ্ছে, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমি বিএনপির একজন সক্রিয় নেতা। বর্তমানে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আওয়ামী লীগের শাসনামলেও জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। এখন নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে নতুন করে ষড়যন্ত্রের শিকার হচ্ছি। ফ্রেশ কোম্পানি আমাকে বাঁচতে দেবে না—আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি দেশবাসী ও সরকারের কাছে বাঁচার আকুতি জানাচ্ছি।
আব্দুল জলিলের দাবি, গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়। অডিও কলে চাঁদা দাবির অভিযোগ তোলা হলেও সংশ্লিষ্ট কোম্পানি কোনো অডিও ক্লিপ বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে তিনি দাবি করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও অভিযোগ করেন, একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে তাঁকে হয়রানি করা হচ্ছে। তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, হয়রানিমূলক মামলা থেকে মুক্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, আব্দুল জলিলের এসব অভিযোগের বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কিংবা ফ্রেশ কোম্পানির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।