
মোঃ মামুন মিয়া (শেরপুর) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ অক্টোবর ২০২৬) নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী।
নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোঃ আলহাজ্ব খোরশেদুর রহমান এবং সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মুক্তার। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ উপজেলার সর্বস্তরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা বজায় রেখে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।