
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় নগরকান্দার আলগাদিয়া বিশ্বরোড এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, ‘সিনেমার গল্পের মতো কানে শুনে বেশি লাফালাফি করবেন না। আপনাদের পরিণতি ভালো হবে না। আপনাদের নেতা এ দেশ থেকে পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, আগামী দিনে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর ও বিভাগীয় শহরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও দেলোয়ার হোসেন দিলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এবং নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানি আজাদ।
মতবিনিময় সভায় বক্তারা দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।