
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ‘পাইপড ওয়াটার সিস্টেম’ ও ‘হাইজিন কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ দুটি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব মো. নুরনবী।
ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে প্রায় ৪ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রোগ প্রতিরোধে সহায়ক। নিরাপদ পানি পান করলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমে আসে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চললে শিক্ষাজীবন আরও আনন্দময় ও সুস্থ থাকবে।”
তিনি শিক্ষকদের উদ্দেশে বিদ্যালয়ের এ সুবিধাগুলো যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান। পরে তিনি হাইজিন কর্নার পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান, শিক্ষক মণ্ডলী ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—এলাকা ব্যবস্থাপক (দাবি) জহিরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার রাবেয়া আক্তার, কর্মসূচি সংগঠক বিপ্লব কুমার মণ্ডল ও মেহেদী হাসান।
এছাড়া বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউটি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আশা—ব্র্যাক ওয়াশ কর্মসূচির এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ব্যবহার এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।