
সাইফুল ইসলাম ঝিনাইদাহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে জনসাধারণের চলাচলের রাস্তার পাশে খোলা অবস্থায় বালি, ইট ও সিমেন্ট রাখার অপরাধে তিনজনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসনজিৎ সাহা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন এবং সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। অভিযানের সময় খোলা স্থানে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে রাস্তায় কমপক্ষে ১০ ফুট দূরে রেখে যথাযথভাবে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের কর্মচারী, জেলা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান আগামীতেও চলবে।