
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া–মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের পাবলিক মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার।
এসময় তিনি দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, “মনোনয়ন ঘোষণার আগে সবাই বলেছেন—ধানের শীষ যে পাবে আমরা তার পাশে থাকবো। কিন্তু ঘোষণার পর কেন মনোনয়ন মানতে আপত্তি? দলের সিদ্ধান্ত মেনে সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করুন। আসুন, এই আসনটি বিএনপিকে উপহার দেই।”
নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “এ আসন থেকে আমিই প্রথম এমপি নির্বাচিত হই। আমার হাত ধরেই এখানে বিএনপির জনপ্রিয়তার ভিত্তি তৈরি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ জানেন—আমি কেমন!”

এ আসনে জামায়াতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এখানে জামায়াত শক্ত অবস্থান গড়ে তুলেছে। জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলমকে লাগে না?” এসময় উপস্থিত জনতা একযোগে জবাব দেন— “লাগে!”
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। দেশের মানুষের অধিকারের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আজ তিনি জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থতার জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি।”
দোয়া–মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের স্ত্রী সালমা আলম লিলি, তাঁর ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলামিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।