
ডেস্ক রিপোর্টঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে ‘বিপ্লবী শিল্পী সমাজ’-এর আয়োজনে বিপ্লবী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপ্লবী শিল্পী সমাজের আহবায়ক শোয়েব হোসেনের নেতৃত্বে এবং সদস্য সচিব বিপ্লব চৌধুরীর নিরলস প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
গান, কবিতা, আবৃত্তি, অভিনয় ও ছন্দ-নৃত্যের সমন্বয়ে পরিবেশিত প্রধান প্রযোজনা “দূর্গম গিরি কান্তার মরু”-তে ফুটে ওঠে স্বাধীনতার আনন্দ, আত্মত্যাগের বেদনা ও মুক্তিযুদ্ধের চেতনা। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরা।
ঢাকার অনুষ্ঠানগুলো পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্র এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক আয়োজন আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।