
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সৌহার্দ্যপূর্ণ ও উৎসবঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সাংবাদিকদের সর্বসম্মত সমর্থনে সভাপতি হিসেবে মোঃ আব্দুর রহমান (দৈনিক ইত্তেফাক/গ্রামের কাগজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবর আলী বাবু (দৈনিক আমার দেশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন শেষে নির্বাচন কমিশনারের পক্ষে অমেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনপূর্ব সাধারণ সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, ঐক্য ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মহেশপুর প্রেসক্লাবকে আরও কার্যকর, শক্তিশালী ও গণমুখী সংগঠনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।