
কুমিল্লা–৩ আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী কাজী কায়কোবাদ
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাবা–মা, দাদা–দাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করে কুমিল্লা–৩ (মুরাদনগর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় তিনি মুরাদনগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কাজী কায়কোবাদের ভাই কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফীন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করেছেন, ইনশাআল্লাহ আমাদেরকেও বিজয় দান করবেন।
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচনের পরিবেশ স্বস্তিদায়ক। নির্বাচন কমিশন তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে একটি ইসলামি দলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ফেইক আইডি ও পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ইসলামী দলগুলোর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড আমরা প্রত্যাশা করি না।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির বিবেক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে সাবেক এই পাঁচবারের সংসদ সদস্যকে এক নজর দেখতে উপজেলা পরিষদ চত্বরে জনতার ঢল নামে। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় নেতাকর্মী ও সাধারণ জনতাকে সরে যেতে অনুরোধ করেন কাজী কায়কোবাদ। পাশাপাশি তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।