
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁও উত্তর জামায়াতের সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁও দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তাঁরা নির্বাচনী কার্যক্রমে সক্রিয় রয়েছেন। ইতোমধ্যে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রত্যাশা করছে।
এ সময় তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে এই আসনে জামায়াতে ইসলামী ভালো ফল অর্জন করবে।