
বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে তীব্র শীতের প্রকোপ থেকে সুরক্ষা দিতে গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সম্প্রতি কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৫০ জন শীতার্ত মানুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রামাচরণ মার্মা (রাসেল)। এসময় তিনি বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পর্যায়ক্রমে ইউনিয়নের আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বাবু শান্তি বরণ চাকমা। এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাড়কাঁপানো শীতে নতুন কম্বল হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।