
মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
স্থানীয় সামাজিক উন্নয়ন ও ধর্মীয় অবকাঠামো সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখছে কুলুবাড়ী তরুণ সমাজ সামাজিক সংগঠন। এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার কুলুবাড়ী মধ্যপাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করা হবে।
কুলুবাড়ী তরুণ সমাজের সভাপতি ও প্রতিষ্ঠাতা পাপিয়া সরকার জানান, এলাকার ধর্মীয় ও সামাজিক স্থাপনাগুলোর উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, ঈদগাহ মাঠটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে আমাদের এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২০২৫ সালে প্রতিষ্ঠিত কুলুবাড়ী তরুণ সমাজ সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, সমাজসেবা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সংগঠনটির ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো. মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক রিফাত খান, অর্থ সম্পাদক হাবিব সরকার, প্রচার সম্পাদক নবী হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুল হাছান, তথ্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের মুন্সি, সমাজসেবা বিষয়ক সম্পাদক সাগর ভুইঞা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ময়নাল এবং ছাত্র বৃত্তি সম্পাদক নবী হোসেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় এলাকাবাসী বলেন, তরুণ সমাজের এমন সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এলাকার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।