
আনিসু রহমান নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ আসনে (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) প্রকাশ্য হুমকি ও ভয়ভীতির রাজনীতি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ধানের শীষ প্রতীকে ভোট না দিলে “রেহাই দেওয়া হবে না”—এমন নগ্ন ও ভয়ংকর হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণাকালে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন প্রকাশ্যে এই হুমকি দেন। গত ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় প্রচারণা সভায় তিনি বলেন—ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে ছাড় দেওয়া হবে না।
এই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এর পর থেকেই এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
ভোটাররা বলছেন, প্রকাশ্য জনসভায় এমন হুমকিমূলক বক্তব্য গণতন্ত্র, ভোটাধিকার ও সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করার শামিল। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা চলছে। অনেক সাধারণ ভোটার নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের হুমকি শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং এটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ার মতো গুরুতর বিষয়। তবুও অভিযুক্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচন সংশ্লিষ্ট সচেতন মহল বলছে, ভাইরাল ভিডিওটি উপেক্ষা করার সুযোগ নেই। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে ভোটের মাঠ আরও সহিংস ও ভয়াবহ রূপ নিতে পারে।
তারা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন—ভয়, হুমকি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ করতে হবে।