
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি:
পেশিশক্তি ও ভোটকেন্দ্র দখলের রাজনীতি চিরতরে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা মামুনুল হক। সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মাঠে এক বিশাল জনসভায় তিনি বলেন, “রাজনীতিতে আর গুন্ডাবাজি চলবে না। আমরা কোনো নেতা বা দলের ভাগ্য গড়তে নয়, ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি।”
জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ৫ বছর পরপর হলেও গণভোট ৫০ বছরে একবার আসে। তাই বিপ্লবকে সার্থক করতে যেকোনো মূল্যে গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে সিল মেরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে।
ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে আয়োজিত এই সভা শেষে সন্ধ্যায় নগরকান্দায় আরেকটি সমাবেশে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।