
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে নওমালা ইউনিয়নে আয়োজিত এক জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় প্রার্থী শহিদুল আলম তালুকদার। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে তারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। তিনি আরও বলেন, আগামী দিনে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, শাহজাদা হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের ফলে নওমালা ইউনিয়নে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন।