
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় ভোট কেন্দ্র গুলোতে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতে বাংলাদেশ নৌবাহিনীর আমতলীর কন্টিনজেন্ট কমান্ডার মো. মনজুর হোসেন এর নেতৃত্বে যৌথ বাহিনীর জোরালো মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারী ২০২৬) দুপুর ১১টার দিকে উপজেলার মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে নৌবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যদের পুরো উপজেলাজুড়ে টহল দিতে দেখা যায়, যা এলাকায় শক্ত বার্তা দিয়েছে।
মহড়া চলাকালে কমান্ডার কতৃক জানানো হয়, নির্বাচনের দিন কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের গুজব, সহিংসতা বা ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। মহড়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং জরুরি মুহূর্তে দ্রুত ও সমন্বিত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মহড়া পরিদর্শন শেষে আমতলীর কন্টিনজেন্ট কমান্ডার বলেন, “আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”
মহড়ায় উপস্থিত ছিলেন লেঃ কমান্ডার জাফর, লেঃ কমান্ডার সাজিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ওসি তদন্ত মো. সাইদুল ইসলামসহ বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।
যৌথ বাহিনীর এই দৃশ্যমান ও কঠোর তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভোটারদের প্রত্যাশা, এ ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটকেন্দ্রে ভয়মুক্ত পরিবেশে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।