
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেলে মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্টে নাটকীয় অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানাধীন আযারিয়ারচর এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে নিয়মিত চেকপোস্ট ডিউটির অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে কুমিল্লা দিক থেকে একটি ১৫০ সিসি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) দ্রুতগতিতে চেকপোস্টের দিকে আসে। পুলিশ সদস্যরা থামার সংকেত দিলে চালক তা অমান্য করে বেপরোয়া গতিতে ঢাকার দিকে পালানোর চেষ্টা করে।
চেকপোস্ট অতিক্রম করে অল্প দূর যেতেই মোটরসাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলে থাকা দুই যুবক যানটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল তল্লাশি করে একটি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের কাগজের কার্টনের ভেতরে ঘিয়া রঙের কসটেপে মোড়ানো দুইটি পোটলা উদ্ধার করে। প্রাথমিক গণনায় পোটলাগুলোতে আনুমানিক পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়।
ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে এসআই (নিঃ) পঙ্কজ কুমার আচার্য জব্দতালিকা মূলে গাঁজা ও মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করেন। এরপর পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পৌর ভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মোটরসাইকেলটির মালিক তার চাচা আবু হানিফ। চাচার অগোচরে চাচাতো ভাই নাইমের কাছ থেকে চাবি নিয়ে সে তার বন্ধু জীবন (২২), সাং-কাঁচপুর বেহাকৈর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জকে সঙ্গে নিয়ে বের হয়।
জিসানের স্বীকারোক্তি অনুযায়ী, তারা কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির নিকট হতে গাঁজা ক্রয় করে কাঁচপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল জীবন এবং গাঁজাভর্তি কার্টনটি ছিল জিসানের কোলের ওপর।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামি জীবনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত মোটরসাইকেল সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মহাসড়কে মাদক পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।