
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:–
পাবনার সাঁথিয়া উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোকলেছুর রহমান, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন রানা, জাতীয় নাগরিক পার্টি সাঁথিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ বকুল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর বারি সান্টু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, কবি আবৃত্তিকার ও লেখক আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আমন্ত্রিত অতিথিদের বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও ভর্তা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে পাবনা কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের সৌজন্যে আয়োজিত উপজেলার স্বাধীনতা সোপান মুক্ত মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের গান, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে পল্লীগীতি ও লোকজ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, বাংলা নববর্ষ বাঙালির শেকড়ের উৎসব। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এমন সম্প্রীতির আয়োজন অব্যাহত থাকবে।
সাঁথিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, নববর্ষের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।