
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর বিভিন্ন থানা ও উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করায় কৃষক, মোটরসাইকেল চালক এবং জরুরি সেবার যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, ফসল রক্ষার তাগিদে কৃষকরা তেলের পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন। দিন-রাত লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল পাচ্ছেন না। কেউ কেউ আবার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী ও দালালচক্র মজুদ করে তেলের সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করছে। এর ফলে পাম্প মালিকরা বিভিন্ন নিয়ম-কানুন চালু করলেও সঠিকভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে পারছেন না।
এদিকে, পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। তেল নিতে গিয়ে বিভিন্ন পাম্পে কৃষক, মোটরসাইকেল চালক এমনকি জরুরি সেবার গাড়ির চালকরাও হামলার শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে প্রশাসন ও সংবাদকর্মীরাও হামলার বাইরে থাকছেন না।
একাধিক ভুক্তভোগী কৃষক জানান,
“রাতের পর রাত পাম্পে বসে থেকেও তেল পাই না। ফসল নষ্ট হয়ে যাচ্ছে, অথচ কোনো সমাধান নেই।”
সাধারণ মানুষের প্রশ্ন—এই সংকটের শেষ কোথায়? কবে নাগাদ তারা এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন?
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং সিন্ডিকেট চক্র ভাঙতে অভিযান জোরদার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক করা এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে, যার প্রভাব সরাসরি কৃষি উৎপাদন ও জনজীবনে পড়বে।