
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার হাওরের দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরনমালা নামের প্লাস্টিকের ছাঁই উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১ হাজার কিরনমালা নামের প্লাস্টিকের ছাঁই উদ্ধার করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন এবং সহকারী কমিশনার( ভূমি) ও মৎস্য অফিসের কর্মচারীগন উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় পৌর শহরের কাঠ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা নামের প্লাস্টিকের ছাঁইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।