
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা অটোরিকশা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়ন (রেজি: ৩৪২৭)-এর একদল সাধারণ সদস্য বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। একই সঙ্গে ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়াকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান কমিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট ফরিদপুর শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতায় অংশগ্রহণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে আব্দুল হাকিম মিয়ার সম্পৃক্ততা রয়েছে। এসব অভিযোগের সমর্থনে বিভিন্ন স্থিরচিত্রও উপস্থাপন করা হয়।
লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, আব্দুল হাকিম মিয়া সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলা শাখার বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় তাকে আসন্ন ইউনিয়ন নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। একইসঙ্গে বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী বাবুর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নতুন গাড়ি ভর্তির ক্ষেত্রে কমিশন বাণিজ্য, ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, প্রতিদিন অতিরিক্ত চাঁদা আদায়, নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন এবং অতীতের নির্বাচনকে প্রভাবিত করার মতো বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে।
এছাড়া বর্তমান কমিটির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, হয়রানি, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। বক্তারা বলেন, এসব কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ইউনিয়নের সাধারণ সভায় দেড় লাখ টাকা ব্যয় দেখানো হলেও তার যথাযথ হিসাব নেই। এছাড়া শ্রমিক কার্ড নবায়ন ও নতুন সদস্য ভর্তি বাবদ আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগও তোলা হয়। গত ১৭-১৮ বছরের আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এসব আর্থিক অনিয়মের হিসাব চাইলে অভিযোগকারীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি আব্দুল হাকিম মিয়ার বিরুদ্ধে পূর্বে থানায় করা সাধারণ ডায়েরিগুলো (জিডি) তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা ইউনিয়নের বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সাধারণ শ্রমিকদের পক্ষে বাবুল হোসেন, সুলতান শেখ, মো. ছিদ্দিক শেখ, সাইফুল, মো. মানোয়ার সরদার, আশারুজ্জামানসহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন।