
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা জেলা শাখার অধীন আশুলিয়া থানা মহিলা দলের নবগঠিত আংশিক কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শারমিন ফেরদৌস।
বুধবার (১ জুলাই) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নবনিযুক্ত সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন ফেরদৌস।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা শাখার সভাপতি শামিমা রহিম এবং সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে আশুলিয়া থানা মহিলা দলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে শারমিন ফেরদৌসকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে শারমিন ফেরদৌস আশুলিয়া থানা এলাকায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রতিক্রিয়ায় শারমিন ফেরদৌস বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দিকনির্দেশনায় দলের আদর্শ ও নীতি অনুসরণ করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা শাখার সভাপতি শামিমা রহিম ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি দলের সকল নেতাকর্মীর সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি। আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না আক্তার ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলির নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী করতে নিরলসভাবে কাজ করে যাব।”