
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ভাজনা গ্রামের ১৩ বছর বয়সী কোরআনের হাফেজ কাইয়ুম গাজীর মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।
বুধবার (১ জুলাই) পটুয়াখালী শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের খালা জেসমিন বেগম। তিনি দাবি করেন, গত ৩ জুন জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নুর হোসেন, নুপুর, রাব্বিসহ কয়েকজন কাইয়ুমকে হত্যা করে আত্মহত্যা হিসেবে সাজাতে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখে।
স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে মরদেহের দুই পা মাটিতে স্পর্শ করা অবস্থায় ছিল এবং আত্মহত্যার জন্য ব্যবহৃত হতে পারে এমন কোনো চেয়ার বা টেবিল ঘরে ছিল না। পরে বাইরে থেকে চেয়ার এনে মরদেহের পাশে রাখা হয় বলেও তারা দাবি করেন।
পরিবারের অভিযোগ, ঘটনার প্রায় ২০-২৫ দিন পর মামলা নেওয়া হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
স্বজনরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পটুয়াখালী সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।