
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৭নং দক্ষিণ নবাবগঞ্জ খালাসী ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ জনই বৃত্তি লাভ করেছে।
প্রাপ্ত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে— জান্নাতুল ফেরদৌস, তাবাসসুম ইসলাম, জান্নাতুল মৃধা, কানিজ ফাতেমা ও বিপ্লব বৈরাগী। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তাসফিয়া।
বিদ্যালয়ের এ অভূতপূর্ব সাফল্যের কারণ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, “এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, তাদের অভিভাবকদের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক ও নিয়মিত পাঠদান। শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ও নিবিড় পরিচর্যাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে এবং বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।