
আনিসুর রহমান সোনারগাঁও প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভার আয়োজন করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুব শক্তির সহ-সভাপতি তুহিন মাহমুদ, সাবেক আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা যুব শক্তির শাকিল সাইফুল্লাহ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, ওলামায়ে কেরাম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জুলাই আমাদের সবার অর্জন, এটি কারও একার কৃতিত্ব নয়। আমরা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আহতদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তাদের প্রয়োজনীয় সব সহযোগিতায় আমরা পাশে আছি।
তিনি আরও বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু বিভেদ সৃষ্টি করে এমন বক্তব্য পরিহার করা উচিত। সম্প্রতি মোগড়াপাড়া চৌরাস্তায় এনসিপির পথযাত্রা সভায় যুবদলের কেন্দ্রীয় সদস্য খায়রুল ইসলাম সজিবকে নিয়ে দেওয়া বক্তব্যে পরিস্থিতি অযথা ঘোলাটে হয়েছে। আমরা এ ধরনের বক্তব্যের নিন্দা জানাই। মতবিরোধ থাকলেও আমরা সবাই একই বাংলাদেশের মানুষ। তাই কারও বিরুদ্ধে প্রমাণহীন বা আক্রোশমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।
সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির সহ-সভাপতি তুহিন মাহমুদ। তিনি বলেন, এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন। তিনি আমাদের আদর্শ, আমাদের চেতনার প্রতীক। তাঁর আত্মত্যাগ আমাদের শিখিয়েছে, জীবনের দৈর্ঘ্য নয়—সমাজে ইতিবাচক প্রভাবই একজন মানুষের সবচেয়ে বড় সাফল্য। আমরা তাঁর চেতনা ধারণ করে শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, সত্যিকারের গণতন্ত্রে বিরোধী মতের সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। আমরা অন্যায় দেখলে গঠনমূলক সমালোচনা করব, এটিই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যে বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে, সেটি তাঁর ব্যক্তিগত মনগড়া বক্তব্য নয়, বরং আগে থেকেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও আলোচিত তথ্যের অংশ।
সভার বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।