
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি (২০২৪–২০২৬)-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো. জহিরুল ইসলাম খান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সিনিয়র সহসভাপতি মো. নুর উদ্দিন পাঠোয়ারী, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলী খান (পাপ্পু), সাবেক সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সাবেক সহসভাপতি এম. এ. হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম পাঠান এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হাসান শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজা।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম খান লিটন সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে জিহাদুল ইসলাম জিহাদকে আহ্বায়ক এবং শাহজাহান সুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
পরে বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা, ফার্মেসি পেশাজীবীদের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।