
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে বাইরে থেকে ভিডিও ধারণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে লিখছিলেন বলে অভিযোগ ওঠে। উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ হলরুমের বাইরে থেকে ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরীক্ষা শেষে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে তার সঙ্গে পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আমি ও রাইয়ান আকাশ হলরুমে গিয়েছিলাম। পরীক্ষা শুরুর আগেই আমরা বের হয়ে আসি। পরে বাইরে থেকে দেখতে পাই কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে লিখছেন। বিষয়টি নথিভুক্ত করার জন্য আমি ভিডিও ধারণ করি। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে সাদিকুজ্জামান রাকিব আমার ওপর হামলা চালায়। আমি আত্মরক্ষার চেষ্টা করেছি।”
অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান রাকিব বলেন, “পরীক্ষার দৃশ্য ভিডিও করায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়েছে এবং এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি। এ বিষয়ে জানতে চাইলে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। হামলার অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।