
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আলহাজ আমীর এজাজ খান।
সভায় উপজেলা স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট এবং রোগীদের সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার আগে সংসদ সদস্য আমীর এজাজ খান হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের খাদ্য সরবরাহ, ওষুধ বিতরণ, স্বাস্থ্যসেবার মান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন।
এ সময় তিনি হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বিশেষ করে আনসার সদস্যদের জন্য আবাসন ব্যবস্থা, শূন্য পদে চিকিৎসক নিয়োগ, আয়া ও সুইপার নিয়োগ, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহসহ হাসপাতালের প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান,বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন,আরএমও ডা.রাহুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া,উপজেলা প্রকৌশলী গৌতম রায়, উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু,উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি,বটিয়াঘাটা সদর ইউনিয়নের সভাপতি মোল্লা ইমরান আহমেদ,হাসপাতালের চিকিৎসক বৃন্দ,বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,সাংবাদিক ইমরান হোসেন,এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাটির আয়োজন করে উপজেলা স্বাস্থ্য প্রশাসন, বটিয়াঘাটা, খুলনা।