
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সীমান্ত উপজেলার নবগঠিত বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রাম এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরণ নেশার ট্যাবলেট ইয়াবা,গাঁজা, ফেনসিডিল, স্কাফ সিরাপ প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বিশাল মাদকের চালান পাচার হলেও নির্দিষ্ট ত্যর্থের ভিত্তিতে বিভিন্ন প্রশাসন শুধু নামেমাত্র কিছু ছোটখাটো চালান ও বহনকারীদের ধরে। কিন্তু প্রভাবশালী গডফাদাররা থাকে বরাবরেরর মতো ধরাছোঁয়ার বাইরে। গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে কুমিল্লার সীমান্ত উপজেলার বুড়িচং পৌরসভার অন্তর্গত পূর্ণমতি এলাকার মসজিদ গেট ও নোয়াপাড়া এলাকায় মাদকের পাচারকারী গডফাদার এজেন্টরা আবারো সক্রিয় হয়ে উঠেছে।
গত ৪ আগষ্ট বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা সহ নোয়াপাড়া এলাকার মাদকের গডফাদার সাজু সহযোগী সহ গ্রেফতার হয়েছে।মাদকের গডফাদারদের তালিকা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের হাতে থাকলেও অনেক সময় রহস্যজনক কারণ সুনির্দিষ্ট ইনফরমেশনের অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে একাধিক সূত্র জানায়।
তথ্যানুসন্ধান ও খোঁজ নিয়ে জানা গেছে, ভারত সীমান্ত এলাকা থেকে রাজাপুর হয়ে পূর্ণমতি মসজিদ গেট বর্তমানে মাদকের ও ভারতীয় মালামাল চোরাচালানের অন্যতম রুট। প্রতিদিন সন্ধ্যা হলেই এই রুটে মাদক চোরাচালানের লাইনম্যানদের আনাগোনা বাড়তে থাকে। ২০২০ সালে তৎকালীন বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় সংসদ সদস্য প্রয়াত আব্দুল মতিন খসরুর উপস্থিতিতে মাদক বিরোধী সমাবেশে স্থানীয় ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদক চোরাচালান ক্ষেত্রে নিরাপদ রুট হিসেবে তিনি ব্যবহার করেন বলে অভিযোগ জানিয়েছিলেন।
বর্তমানে এই রুট ব্যবহার করে সীমান্ত থেকে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করছেন নোয়াপাড়া এলাকার গাঁজা ব্যবসায়ী সাজু।তার সহযোগী হিসেবে কাজ করে নোয়াপাড়া এলাকার সিএনজি ড্রাইভার হোসেন, পশ্চিম পাড়া এলাকার স্বপন।ভারতীয় অবৈধ মালামাল ও মাছের রেনু পোনার ব্যবসা নিয়ন্ত্রণ করেন নোয়াপাড়ার রাসেল।সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাদক ও চোরাচালানের লাইনম্যান হিসেবে কাজ করেন নোয়াপাড়া এলাকার সাইদুল, রাসু,মোস্তফা।গত কয়েকদিন আগে লাইনম্যান সাইদুল কে ধরতে অভিযান পরিচালনা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থ হয়। এই লাইনম্যানদের তথ্যের ভিত্তিতে মাদককারবারীরা চালান কৌশলে এদেশের কিছু প্রভাবশালী গডফাদার এজেন্টদের হাতে এসে পৌঁছায়। তাদের হাত থেকে বহণকারী ও ছোটখাটো ব্যবসায়ীদের হাত ধরে কৌশলে প্রশাসন ফাঁকি দিয়ে চালানগুলো দেশের বিভিন্ন জেলা বিভাগীয় শহরে পৌঁছে যাচ্ছে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের নির্দেশে মাদক কারবারি, গডফাদার ও পৃষ্ঠপোষকদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা ধরে অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের প্রবাহ ঠেকাতে সীমান্ত এলাকায় অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।গ্রেফতারকৃত মাদক কারবারি সাজু ও স্বপনের সঙ্গে মাদক ব্যবসায় আরো কারা কারা জড়িত সেই ব্যপারে জিজ্ঞাসাবাদ করে সুনির্দিষ্ট তথ্য নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখন ই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে এলাকাবাসীর দাবি, শুধু বহনকারী নয়, মাদকের এই গডফাদারদের আইনের আওতায় আনলেই কেবল সীমান্তবর্তী জনপদ রক্ষা পাবে।