
আশিকুর রহমান, গাজীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার টঙ্গী প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকা প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাদিয়য়া টেক্সটাইল মিলস স্কুল মাঠে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল সহকারে টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে মূল র্যালিতে যোগ দেন তারা।
নির্ধারিত সময়ে র্যালিটি টঙ্গী প্রেসক্লাবের সামনে থেকে বের হলে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র্যালির সামনের সারিতে নারী নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন। তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর লেখা সংবলিত গোলাকার আকৃতির বাঁশের প্রতীকী কাঠামো বুকে ধারণ করে র্যালিতে অংশ নেন।
র্যালিতে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন স্লোগান দেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও চেরাগআলী এলাকায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে আয়োজিত এ র্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহমান বাবু, মো. নাজমুল হাসান নাইম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান মিরনসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে টঙ্গী সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজুল ইসলাম সাথী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের সাংগঠনিক ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দায়িত্ব ও ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।