
নিজস্ব প্রতিবেদক, সদরপুর (ফরিদপুর):
ফরিদপুরের সদরপুরে নিজ বসতঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে জান্নাতুল আক্তার (১৪) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী আত্মহত্যা করেছে।
রবিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফর খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ছোট বোন মোসা. সাইফা আক্তারকে (৬) সাথে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান জান্নাতুল। পরিবার ও প্রতিবেশীদের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। রাতের কোনো একসময়ে সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন। সকালে ছোট বোন সাইফা ঘুম থেকে জেগে বড় বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে নিচে নামান।
খবর পেয়ে নিহতের চাচা ইলিয়াস হোসেন বিষয়টি পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) রনি খালাসী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে সদরপুর থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোখলেসুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, “ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”