
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়া চোর সন্দেহে শামীম নামের এক যুবকে রাতভর নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে বগুড়ার বারপুর এলাকায়। নিহত শামীম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহতের শাশুড়ি ছোবেদা বেগম জানান, এক নিকটাত্মীয়ের দাফনের কাজে অংশ নিতে শামীম বারপুর এলাকায় এসেছিলেন। রাতে তিনি সেখানে হাঁটাহাঁটি করার সময় নিশিন্দারা ইউনিয়নের ইউপি সদস্য এ বি এম শাফি ও তার ছেলে নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন তাকে আটক করেন। এরপর শামীমকে বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে তার পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে কাঠাের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বগুড়া নামুজা সড়ক অবরোধ করে। পরে পুলিশের সকালে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী জানান, অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর তারা সকাল সাড়ে ৮ টার সময় অবরোধ প্রত্যহার করে নেয়।
তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।