
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী মো. নাসির উদ্দিন সিকদারকে প্রকাশ্যে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাসির উদ্দিন সিকদার।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন সিকদার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্র তাকে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তাদের সঙ্গে তার জমি সংক্রান্ত পূর্ববিরোধ রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দাসপাড়া ইউনিয়নের বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় তার নিজ দোকানের সামনে এসে কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন।
তিনি অভিযোগ করে বলেন, দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকনের ছেলে মো. বেল্লাল হোসেন ও মৃত মনু আকনের ছেলে মো. রেজাউল আকন তার কাছে চাঁদা দাবি করেন। এ সময় অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে বলেন, ‘তুই ব্যবসা করে ভালো আছিস, এখন আমাদের টাকা দে।’ চাঁদা না দিলে তাকে ব্যবসা করতে দেওয়া হবে না এবং বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান নাসির উদ্দিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে মো. বেল্লাল হোসেন বলেন, ‘এ ব্যাপারে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।