
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্ভাব্য নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ, মতবিনিময় সভা, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজন পরিচিত মুখ নির্বাচনে অংশ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যানার-ফেস্টুন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে সরকারি দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অন্যান্য দলের তুলনায় বেশি। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করছেন।বিএনপির এই মনোনয়ন-সমীকরণের বাইরে নেই অন্য রাজনৈতিক দলগুলোও। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলগুলোও সম্ভাব্য প্রার্থী নিয়ে হিসাব কষছে। ফলে নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার আগেই বুড়িচংয়ে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা, জনসংযোগ ও রাজনৈতিক হিসাব-নিকাশ।
মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বুড়িচং সদর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ,তার অনুসারীরা তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো কামাল হোসেনের নাম ও হেভিওয়েট সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত দল কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি। ফলে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা থেমে নেই।
বিএনপির বাইরে জামায়াতে ইসলামীও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। দলটির বুড়িচং পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী হিসেবে অধ্যাপক মো. অহিদুর রহমান-এর নাম ঘোষণা করা হয়েছে। তিনি বুড়িচং উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এনসিপিও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, এখন পর্যন্ত দলের কোনো প্রার্থী ঘোষণা হয়নি। এককভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই প্রার্থী ঘোষণা হতে পারে।
এদিকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের পাশাপাশি বুড়িচং পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডে বিএনপির সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের নাম স্থানীয় আলোচনা ও গণমাধ্যমে উঠে এসেছে। তবে জামায়াতে ইসলাম ৯টি ওয়ার্ডে তাদের কাউন্সিলর প্রার্থিদের নাম ঘোষণা করেছে। ১নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শামীম আহমেদ।অপরদিকে জামায়াতের প্রার্থী আতিকুর রহমান, ২নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো মনির হোসেন ভুইঁয়া,এই ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের,৩নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলরর প্রার্থী রুবেল আলম নাগর, জামায়েতের প্রার্থী মাওলানা ওমর ফারুক সোহেল।
৪নং ওয়ার্ডের হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, অপর দিকে জামায়াতের প্রার্থী শরীফুল ইসলাম। ৫নং ওয়ার্ডে বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহবুবুল আলম ভুইয়া (মামুন),স্বতন্ত্র প্রার্থী সজিব খান। ৬ নং ওয়ার্ডে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুল ইসলাম সুমন।অপর দিকে জামায়েতের কাউন্সিলর প্রার্থী মো তাজুল ইসলাম।৭নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। জামায়েতের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল জলিল। ৮ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভুইঁয়া। অপর দিকে জামায়েতের কাউন্সিলর প্রার্থী মাওলানা জাকারিয়া খান। ৯ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো মহিউদ্দিন, অপরদিকে জামায়াতের প্রার্থী মো সাইফুল ইসলাম রমজান।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসব বিষয়কে সামনে রেখেই ভোটাররা যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন। সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্ন সভা-সমাবেশ ও গণসংযোগে এসব ইস্যুকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বুড়িচং পৌরসভা নির্বাচনকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের অবস্থান, দলীয় মনোনয়ন এবং নির্বাচনী কৌশল আরও স্পষ্ট হয়ে উঠবে। ফলে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।তবে নির্বাচন কমিশন এখনো এ নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করেনি। ফলে অধিকাংশ সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না করলেও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক আড্ডা—সবখানেই এখন নির্বাচন ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা।স্থানীয় ভোটারদের প্রত্যাশা, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বুড়িচং পৌরসভা পাবে দক্ষ, দূরদর্শী ও জনমুখী নেতৃত্ব, যা পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।