
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পুলিশের সহায়তায় আদালতে বিচারাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল ও বিপুল মূল্যের মালামাল লুটপাটের মারাত্মক অভিযোগ উঠেছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বাউফল উপজেলা সদরের হাসপাতাল সড়কস্থ ফরিদ আহমেদ প্লাজায় অবস্থিত ‘বাউফলের কথা’ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী সাগর দাস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কালাইয়া বন্দর বাজারের ‘মমতা সুজ’-এর প্রোপ্রাইটর সাগর দাস জানান, তিনি দীর্ঘ ২৪ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রথম পক্ষের মালিক মো. নাঈম হোসেনের সাথে সম্পাদনকৃত সর্বশেষ চুক্তিপত্র অনুযায়ী ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত (৩০/১২/১৪৩০ বাংলা) দোকানের মেয়াদ বলবৎ রয়েছে। তবে সম্প্রতি দোকান ঘর মালিক নাঈম অনৈতিকভাবে চুক্তির শর্ত ভেঙে অতিরিক্ত ১ লক্ষ টাকার স্থলে ৫ লক্ষ টাকা এডভান্স এবং ৫ হাজার টাকার স্থলে ১১ হাজার টাকা মাসিক ভাড়া দাবি করেন। ভুক্তভোগী বাজারদর অনুযায়ী ৩ লক্ষ টাকা এডভান্স ও ৯ হাজার টাকা ভাড়া দিতে রাজি হলেও, মূল উদ্দেশ্য ছিল দোকানটি উচ্ছেদ করে স্বজনদের হাতে তুলে দেওয়া।
ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে বাউফল থানায় এসআই মফিজুলের মধ্যস্থতায় এক সালিশি বৈঠকে চুক্তির মেয়াদ পর্যন্ত সময় দিতে রাজি হলেও পরবর্তীতে তারা পুনরায় চাপ সৃষ্টি করে। কোনো উপায় না পেয়ে তিনি পটুয়াখালী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক তদন্তাধীন রয়েছে।
অভিযোগ করা হয়, মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও গত ৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আনুমানিক ১২:০০ টার দিকে বাউফল থানার এসআই মফিজুলের সরাসরি উপস্থিতিতে ও মদদে দোকান ঘর মালিক মো. নাঈম, সায়েম ও আসলামসহ এক প্রভাবশালী চক্র তালা ভেঙে দোকানে প্রবেশ করে। তারা আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার জুতো ও মালামাল, গুরুত্বপূর্ণ ২টি দলিল, ব্যাংকের চেক এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।
দীর্ঘ ২৪ বছরের জমানো উপার্জন, ব্যাংক লোন ও দেনা করে গড়ে তোলা ব্যবসা হারিয়ে এখন নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন এই ব্যবসায়ী। তিনি এই জবরদখল ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দোকান ও লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের উচ্চপর্যায়ের নিকট জোর দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ প্রতিনিধিকে জানান, “বাউফল থানার কোনো পুলিশ অফিসার এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। পুলিশের বিরুদ্ধে অপপ্রচার বা মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”###