
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি উত্তরপাড়া তরুণ প্রজন্মের আয়োজনে প্রিমিয়ার লিগ সিজন-২ এর ১ম মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সন্ধ্যা ৯টায় পূর্ণমতি মসজিদ গেটসংলগ্ন আফিল উদ্দিন মার্কেট মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মাসুম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের নির্বাহী সদস্য, বুড়িচং পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবরত্ন মো আরিফুল ইসলাম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী মো জহিরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক জসীম ব্যপারী, পূর্ণমতি ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস।পূর্ণমতি ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সজিব খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো আরিফুল ইসলাম সুমন বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে নিয়মিত এ ধরনের আয়োজনের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, স্থানীয় ক্রিকেট প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
১ম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এসএসসি ব্যাচ-২০২৪ বনাম রাজাপুর হাজী পাড়া এক্সপ্রেস একাদশ। ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।সেমিফাইনাল আয়োজনকে ঘিরে মাঠে ক্রিকেটপ্রেমী দর্শক ও ক্রীড়ানুরাগীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়, পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।