
শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি
আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ” (Our Hands, Our Future)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সাঁথিয়া পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া পৌরসভার পৌর প্রশাসক নাহিদ আল হাসান আসিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, পৌর আমির আব্দুল গফুর, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাইসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে চলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।