
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
“আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!” (Our Hands, Our Future!)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় উদযাপিত হয়েছে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬’।
দিবসটি উদযাপন উপলক্ষে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করে ADB, OAPD এবং EC DEVELOPPEMENT।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) নকলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
কর্মসূচির শুরুতে নকলা পৌরঃ ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে সভাপতি ও পৌর প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসের কোনো বিকল্প নেই। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বহু সংক্রামক রোগ থেকে আত্মরক্ষা করা সম্ভব। ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’—প্রতিপাদ্যকে ধারণ করে পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখছেন নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মাষ্টার, নকলা উপজেলা ভারপ্রাপ্ত জামায়াতের আমির শরিফুল ইসলাম শরিফ, চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের প্রফেসর, বিশিষ্ট ব্যবসায়ী জান্নাত, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, নকলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।