
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় একটি কাটিং ড্রেজার, একটি অ্যাংকর বোট, একটি হাউস বোট, এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ড্রেজারের গ্রিজার আব্দুল খালেক (২৪) ও লিভারম্যান আমিরুল ইসলাম (৫২)। আব্দুল খালেক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে। আমিরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিল। এ খবর পেয়ে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির টহল দল অভিযান চালায়। ফাঁড়ির টহল দলের ইনচার্জ এসআই আক্তার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ড্রেজারের প্রকৌশলী আবু মুকিত শুভ (৪৫) এবং লিভারম্যান শাহ আলম, চঞ্চল, জাহাঙ্গীর ও এনামসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন। আবু মুকিত শুভ রাজশাহীর বাগমারা উপজেলার বসন্তপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। শাহ আলম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে।
অভিযানকালে ‘এম-০১-২৬২২’ নম্বরের কাটিং ড্রেজার, একটি অ্যাংকর বোট, একটি হাউস বোট, এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।