
মো: সেকেন্দার শেখ আলফাডাঙ্গা থেকে :
ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় যোগ্যতা ও অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও ডিলারশিপ না পাওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদ আলী সিকদার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার বিকেল ৪টায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
আহমেদ আলী সিকদারের দাবি, সরকারি নীতিমালা অনুযায়ী সার ডিলার হওয়ার জন্য প্রয়োজনীয় গুদামঘর, সড়ক যোগাযোগ ও পরিবহন সুবিধা তাঁর রয়েছে। নিজস্ব দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ সার সংরক্ষণের উপযোগী। এরপরও তাঁর আবেদন উপেক্ষা করে অন্য একজনকে ডিলারশিপ দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর প্রয়োজনীয় গুদামঘর ও অবকাঠামোগত সুবিধা নিয়ে প্রশ্ন রয়েছে।
দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে ছাত্রদলের সভাপতি ও যুবদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলন থেকে সার ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সরকারি বিধিবিধান অনুযায়ী বরাদ্দ প্রক্রিয়া পুনরায় যাচাইয়ের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক নিয়ামত পারভেজ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরব আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মোল্লা, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সার ডিলারশিপ বরাদ্দে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচনের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা।
এনামুল এন্টার প্রাইজ প্রাইজ এর সত্ত্বাধাকারী এনামুল বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়,আমি নিয়ম অনুযায়ী সার ডিলার পেয়েছি।