
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মণ্ডল উপজেলার তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে এরপর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যান।
সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে রাতভর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি নির্যাতনে ক্ষিতিশের হাত-পা ভেঙে যায় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এমনকি তার চোখ উপড়ে ফেলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন ক্ষিতিশ মণ্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। একজন ঘের ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে রাতভর গাছে বেঁধে এভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হলো। আমরা এ ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাছ চুরির অপবাদে মারধরের শিকার ক্ষিতিশ মণ্ডলের মৃত্যু হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও জানান এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।