
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ভারতীয় সীমান্ত দিয়ে মাদক ঢুকছে, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। সীমান্তের অর্ধশতাধিক পথ মাদক প্রবেশের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।এসব এলাকা দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হুইস্কিসহ বিভিন্ন মাদক বাংলাদেশে ঢুকছে। যা ছড়িয়ে পড়ছে পুরো দেশে।সীমান্তের অর্ধশতাধিক পথ মাদক প্রবেশের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।বিজিবির তালিকায় রয়েছে ১২টি হটস্পট। জেলা পুলিশের হিসাবে, চলতি বছরের মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এক হাজার ৭৭৩ জন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। কিন্তু অভিযান, গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও থামছে না মাদক কারবার। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবার কারবারে জড়াচ্ছেন অনেকে।জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি মাদকের হটস্পট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মাদক পরিবহনের বড় রুট।সম্প্রতি এই মহাসড়কে একটি ল্যান্ডক্রুজার প্রাডো গাড়িতে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করে জেলা পুলিশ। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া অনেক কারবারি দুই-তিন মাসের মধ্যে জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়াচ্ছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত দুই হাজার ৬৪৭ জন কিশোরকে আটকের তথ্য পাওয়া গেছে। তাদের অনেকেই মাদক কারবার বা সেবনে জড়িত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
অনুসন্ধানে ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগে সাতজনের নাম পাওয়া গেছে।তাঁরা হলেন বাগরা গ্রামের ‘মুরগি হেলাল’, শশীদল গ্রামের রবি হোসেন ও রহুল আমিন এবং গঙ্গানগর গ্রামের ওয়াসিম, আনোয়ার, দেলোয়ার ও উজ্জ্বল মিয়া। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় গড়ে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভারত থেকে মাদক আসার পর তাঁদের মাধ্যমে পাইকারি ও খুচরা বিক্রেতারা দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করেন। বিদেশি ব্র্যান্ডের মদ ঢাকার অভিজাত এলাকার বারগুলোতে সরবরাহের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।বিজিবির দাবি, ব্রাহ্মণপাড়ার আশাবাড়ি থেকে সালদা পর্যন্ত সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় মাদক ও চোরাচালানের পণ্য সহজে ঢুকছে। ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল, বাগরা, গঙ্গানগর ও বুড়িচংয়ের রসুলপুর থেকে লোকাল ট্রেনে মাদকের চালান আসে শশীদল রেল স্টেশনে।
অনুসন্ধানে দেখা গেছে, সন্ধ্যার পর শশীদল স্টেশনে শতাধিক ব্যক্তি কুলির বেশে ট্রেন থেকে সাদা বস্তা নামান। স্থানীয়দের দাবি, এসব বস্তায় মাদক ও চোরাচালানের পণ্য থাকে। পরে সেগুলো বিভিন্ন পরিবহনে তুলে একাধিক চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।বিজিবি সম্প্রতি কুমিল্লায় মাদক চোরাচালানের ১২টি হটস্পট চিহ্নিত করেছে। এগুলো হলো—ব্রাহ্মণপাড়ার আশাবাড়ি ও তেতাভূমি; বুড়িচংয়ের ছয়গ্রাম, চড়ানল, ভাল্লক, বাঁশতলী ও নারায়ণপুর; চৌদ্দগ্রামের আমানগণ্ডা; সদর উপজেলার গোলাবাড়ি ও নিশ্চিন্তপুর এবং সদর দক্ষিণের রাজেশপুর, যশপুর ও সূর্যনগর। এ ছাড়া বৌয়ারা, যাত্রাখিল, একবালিয়া, জয়নগর, মুড়াপাড়া, কচুয়ারপাড়, ধনপুর, সুবর্ণপুরসহ আরো কয়েকটি পয়েন্টে মাদক কারবারিরা সক্রিয় বলে অনুসন্ধানে জানা গেছে।
বিজিবি কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হাসান বলেন, সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি তৎপর। কাঁটাতারের বেড়া নেই, এমন এলাকায় কারবারিদের আনাগোনা বেশি। অনেক সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পণ্য ফেলে পালিয়ে যান। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে আরো কঠোর হওয়ার পাশাপাশি প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, মাদকবিরোধী অভিযান শুধু পুলিশের কাজ নয়। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার বেশি। মাদক উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে। মাদকের মূল হোতাদের শনাক্ত করে প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। কুমিল্লা থেকে মাদক নির্মূলে পুলিশ কাজ করে যাবে।