
মোঃ আমির হোসেন মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে বাইল্যাছড়ি সরকারি বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাহাড়ি-বাঙালি সাত শতাধিক রোগী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পান।
চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেনাবাহিনী নিয়মিত চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পে ঢাকা থেকে আসা সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল ও গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি চিকিৎসাসেবা দেন। এ ছাড়া গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল রোগীদের চিকিৎসা দেন।
দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে উপকৃত হন স্থানীয় বাসিন্দারা। এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখছে।
এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।