
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার তিন আসামি, ২১ জন মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি এবং একটি মামলায় ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন মোঃ এলিন ভূঁইয়া (৪৪), আলমগীর হোসেন (৩০) ও মোঃ ইব্রাহিম (২৩)। তাঁদের কাছ থেকে মোট ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া মাদকসেবী হিসেবে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন নাফিজ (১৮) ও সুমন (২৩)। অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাজু (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।