
আশিকুর রহমান, গাজীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে টঙ্গী পূর্ব থানা যুবদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় স্লোগানে টঙ্গীর রাজপথ মুখরিত করে তোলেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।
সমাবেশে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। যুবদল ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার করতে হবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।