
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১০ কেজি শাপলাপাতা মাছ এবং ১ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা। এ সময় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
পরে পটুয়াখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, পটুয়াখালী জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে নিষিদ্ধ শাপলাপাতা মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ মাছ আহরণ, পরিবহন ও বিপণন রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।