
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠী এলাকায় বাড়ি নির্মাণে বাধা, চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শহরের টাউন জৈনকাঠী এলাকার ২ নম্বর বাঁধঘাট পানির ট্যাংকসংলগ্ন একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) মো. আনোয়ার হোসেন হাং পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মো. মালেক মৃধা, মো. জলিল মৃধা, মো. কামাল মৃধা, মো. সিদ্দিক মৃধা, মো. ইকবাল মৃধা, মো. জামাল ও মো. সোহেল মৃধাসহ অজ্ঞাতনামা ১১-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে এবং অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, আনোয়ার হোসেনের বোন ও বোনজামাই টাউন জৈনকাঠী এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বর্তমানে সেখানে নতুন করে ভবন নির্মাণের কাজ চলছিল। বেশ কিছুদিন ধরেই নির্মাণকাজে বাধা দিয়ে অভিযুক্তরা তাঁদের কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর আগেও নির্মাণকাজে বাধা দিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার দিন রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা নির্মাণকাজ বন্ধ করতে বলেন এবং টাকা দাবি করেন। বাড়ির লোকজন প্রতিবাদ করলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে নাজমা বেগমের মাথায় রামদা দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। আরেক অভিযুক্তের দায়ের কোপ থেকে বাঁচতে হাত দিয়ে প্রতিহত করতে গেলে তাঁর ডান হাতে কাটা রক্তাক্ত জখম হয়। অপর একজনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়
এ ছাড়া নাজমা বেগমের গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ ১৫ হাজার টাকা, জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। জিহাদের পকেট থেকে ৯ হাজার টাকা এবং ঘরের আলমারি থেকে এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ সময় নাজমা বেগমের শ্লীলতাহানি এবং বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়।
পরবর্তী সময়ে তাঁদের চিৎকার শুনে আনোয়ার হোসেন ও অন্যরা এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলে তাঁদের পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।