
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গুর বিস্তার বাড়তে থাকায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৈলেরবাগ এলাকার বাসিন্দারা। ইতোমধ্যে এলাকায় ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে সোনারগাঁ পৌর প্রশাসন।
এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘরের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান ও পৌর প্রশাসকের নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে এ কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচি চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন পৌর প্রশাসক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসিফ আল জিনাত। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সেন্টু, মোঃ জাহাঙ্গীর, সাহাদাত হোসেন লিটু, কায়সার আহমেদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
তবে তিন দিনের এই পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানালেও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম যেন শুধু সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। তাঁদের ভাষ্য, এলাকায় ইতোমধ্যে ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় আরও আগে থেকেই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা প্রয়োজন ছিল।
এলাকাবাসী বলেন, “ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার পর অভিযান পরিচালনা না করে শুরু থেকেই নিয়মিত এমন কার্যক্রম চালানো উচিত ছিল। শুধু একবার পরিষ্কার করলেই হবে না। মাসে অন্তত দুই থেকে তিনবার এ ধরনের অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত নজরদারি প্রয়োজন। তাহলেই ডেঙ্গুর প্রকোপ কমবে এবং আমাদের পরিবার-পরিজন নিরাপদ থাকবে।”
স্থানীয়দের চোখে এখন সবচেয়ে বড় প্রত্যাশা—প্রিয়জনদের ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করা এবং নিজেদের বসবাসের এলাকাকে নিরাপদ রাখা। একটি পরিচ্ছন্ন অভিযান হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু নিয়মিত তদারকি ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে স্থায়ী সুফল পাওয়া কঠিন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ একযোগে কাজ করলেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সবার সম্মিলিত অঙ্গীকার হোক, পরিষ্কার রাখি নিজ আঙিনা, ডেঙ্গুমুক্ত হোক সোনারগাঁ।